দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চার্জে থাকা একটি ইজিবাইকের সংস্পর্শে এসে সালেহা বেগম (৮৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই এলাকার মৃত রাজ্জাক শিকদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে ঘর থেকে বের হয়ে সালেহা বেগম বাড়ির পাশেই আব্দুল হাকিম শিকদারের ঘরের সামনে যান। সেখানে একটি ইজিবাইক বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত তিনি ইজিবাইকটির সংস্পর্শে আসলে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে পুরো ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।
নিহতের নাতি ইস্কিন্দার ফকির বলেন, সকালে বাইরে এসে দেখি নানী ইজিবাইকের ওপর পড়ে আছেন। কয়েকবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে জড়ো হয়।
প্রত্যক্ষদর্শী শাহিন শিকদার জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন অনেক মানুষ ভিড় করেছেন। পরে সালেহা বেগমকে ঘরে নিয়ে গেলে বোঝা যায়, ততক্ষণে তিনি মারা গেছেন।
ইজিবাইকের মালিক আব্দুল হাকিম বলেন, প্রতিদিনের মতো রাতেই ইজিবাইকটি চার্জে দিয়েছিলেন। সকালে চিৎকার শুনে এসে দ্রুত চার্জের সংযোগ বিচ্ছিন্ন করেন। নিহতের কপালে বৈদ্যুতিক শকের পোড়ার দাগ দেখা গেছে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মোমরেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি তাদের জানা আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই